কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তার সহোদর ভাই ইব্রাহীম মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার রাতেও এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এর জেরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তার পক্ষ নিয়ে ইব্রাহীম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ান। পরে খবর পেয়ে ইব্রাহীম মিয়ার শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আপনার মতামত লিখুন