খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

ছাতকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শতাধিক মৎস্যজীবী পরিবারের ভাগ্য পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
ছাতকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শতাধিক মৎস্যজীবী পরিবারের ভাগ্য পরিবর্তন

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবহেলিত মৎস্যজীবী সম্প্রদায়ের দীর্ঘ ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তাঁর মানবিক ও দূরদর্শী নেতৃত্বে গোবিন্দগঞ্জ পয়েন্টে সংলগ্ন একটি আধুনিক ও সুসংগঠিত মাছ বাজার স্থাপিত হতে যাচ্ছে, যার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শতাধিক মৎস্যজীবী পরিবারের ভাগ্য পরিবর্তনের সূচনা হয়েছে। এই উদ্যোগকে স্থানীয়রা দেখছেন দশকের পর দশক ধরে চলমান একটি সমস্যার যুগান্তকারী সমাধান হিসেবে। হাওর-নদী-বিল অধ্যুষিত ছাতক উপজেলায় প্রজন্মের পর প্রজন্ম ধরে হাজারো মানুষ মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। তবে স্বাধীনতার পর থেকে তাদের জন্য একটি নির্দিষ্ট ও স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থার অভাব ছিল প্রকট। ফলে একদিকে যেমন তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন, অন্যদিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। এই দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটাতে কার্যকর ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেন ইউএনও মো. তরিকুল ইসলাম। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জে এই আধুনিক মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনন্দঘন ও আবেগঘন পরিবেশে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইউএনও তরিকুল ইসলাম বলেন, “মৎস্যজীবীরা আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমানের উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব। উপজেলা প্রশাসন তাদের পুনর্বাসনে এবং সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এই বাজারটি শুধু একটি অবকাঠামো নয়, এটি মৎস্যজীবী ভাইদের অধিকার ও সম্মানের প্রতীক।” তাঁর এই বক্তব্য উপস্থিত মৎস্যজীবী ও সাধারণ মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করে এবং করতালির মাধ্যমে সকলে তাকে অভিনন্দন জানান।

স্থানীয়রা মনে করছেন, এই নতুন বাজার প্রতিষ্ঠার মাধ্যমে মৎস্যজীবীরা সরাসরি ভোক্তার কাছে ন্যায্যমূল্যে মাছ বিক্রি করতে পারবেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে হ্রাস পাবে এবং জেলে পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। শুধু তাই নয়, আধুনিক এই বাজারটি গোবিন্দগঞ্জ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যা এলাকার সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

গোবিন্দগঞ্জ ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা যুগ যুগ ধরে একটি স্থায়ী বাজারের জন্য বিভিন্ন মহলে আবেদন করেছি, কিন্তু কেউ আমাদের দিকে ফিরে তাকায়নি। আজকের ইউএনও স্যার আমাদের দুঃখ বুঝেছেন। তিনি শুধু একজন ইউএনও নন, তিনি আমাদের মতো গরিব মানুষের অভিভাবক। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।”
সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া বলেন, “আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে চলেছে। এই বাজার আমাদের সন্তানদের ভবিষ্যৎ বদলে দেবে। আমরা ইউএনও তরিকুল ইসলামের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ নভেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ছাতকে যোগদানের পর থেকেই ইউএনও মো. তরিকুল ইসলাম একের পর এক মানবিক, সামাজিক ও উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। সীমান্তে ‘পুশ-ইন’ হওয়া পরিবারদের মানবিক সহায়তা প্রদান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে জনসচেতনতা তৈরির মতো কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অল্প দিনেই ছাতকবাসীর আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি রাজস্ব আদায়েও তিনি স্থাপন করেছেন নতুন মানদণ্ড। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পুরো উপজেলায় সাড়া ফেলেছে। মাদক, ইজারা বহির্ভূত বালু উত্তোলন, পরিবেশ দূষণ, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তাঁর কঠোর পদক্ষেপে ইতোমধ্যে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট এবং মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করার পাশাপাশি সরকারি কোষাগারে রাজস্ব আয়ও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাঁর এ সকল কর্মকাণ্ডে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও অসাধু চক্রের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। তবে সকল ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে তিনি তাঁর দায়িত্ব পালন করে চলেছেন, যা তাকে সাধারণ মানুষের কাছে একজন ‘মানবিক ইউএনও’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মৎস্যজীবীদের জন্য এই বাজার স্থাপন তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মুকুটে আরেকটি উজ্জ্বল পালক যোগ করলো।

ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এঘটনার মামলা না করতে ভুক্তভোগী পরিবারটিকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোঃ এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের জন্য কাজ করেন। সেসময় বিএনপি নেতার সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচন পরবর্তী সময়ে ওই নারীকে দলের পক্ষে ভোটের মাঠে কাজ করার পুরস্কার হিসেবে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা এনামুল।

এদিকে গত শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২ টার সময় বিএনপি নেতা এনামুল ভুক্তভোগী ওই নারীর বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য তার ব্যক্তিগত মুঠোফোনের নাম্বার চান। ব্যক্তিগত মোবাইল নাম্বার নেওয়ার পরে বাড়িতে লোকজন না থাকার সুবাদে ওই নারীর সঙ্গে অশালীন কথাবার্তা বলার চেষ্টা করেন। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত এনামুলকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন।

এবিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান,ঈদের পরেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এমন কথা বলে বাড়িতে নাম্বার নিতে আসে এনামুল। বাড়িতে লোকজন না থাকার সুবাদে আমাকে জড়িয়ে ধরে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেছি। এঘটনা জানাজানি হলে সে বলতেছে তার বিচার কেউ করতে পারবে নাহ। আমরা গরিব মানুষ। আমার স্বামী ভ্যানচালক। আমি ন্যায্য বিচার চাই।

অভিযুক্ত বিএনপি নেতা এনামুল হক জানান, এধরনের কোন ঘটনাই ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই নারী। তবে কি কারণে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে প্রতিবেদকের এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি বিএনপির এই নেতা।

এবিষয়ে ভাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, হাসি তামাশা করার এক পর্যায়ে

একপাশে থেকে আরেকপাশে যেতে গিয়ে ওই মহিলা মনে করছিলো তাকে ধরতে আসছে। এটা ভেবে ছেলেটাকে ধাক্কা দিয়েছিলো। বিষয়টা উভয়ের মধ্যে ভুল বোঝাবোঝি। গতকালেই এটা মীমাংসা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নুরুজ্জামান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘সোমেশ্বরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান।

সভায় পৌর এলাকার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাপনা, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান এবং প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ।

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

​মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

 

জামালপুরের ইসলামপুর ঝর্ণা ফিলিং স্টেশন পাম্পে সপ্তাহজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তেলের পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পেট্রোল বা অকটেন ও ডিজেল।

​সরেজমিনে ঝর্ণা ফিলিং স্টেশন পাম্পে ঘুরে দেখা গেছে, “তেল নেই”লেখা সাইনবোর্ড ঝুলছে। পাম্পে তেল থাকলেও তা অত্যন্ত সীমিত। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক এবং মোটরসাইকেল চালক তেল বিতারণ একদিন আগ থেকে পাম্পে দীর্ঘ সারি ছাড়িয়ে দিঘলকান্দি পর্যন্ত পৌঁছে যায়।

​এক ব্যবসায়ী বলেন,তেল না থাকলে রাইড শেয়ারিং বা ডেলিভারি দেওয়া সম্ভব হয় না,ফলে ওই দিনের আয় পুরোপুরি বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া বা জরুরি পারিবারিক কাজে বের হওয়ার সময় তেল না পাওয়া জীবনের ঝুঁকি তৈরি করে। পাম্পের কর্মীদের কাছ থেকে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না এবং তাদের দুর্ব্যবহারের শিকার হতে হয়।

অনেক প্রতিষ্ঠানে শিক্ষকরা জানান,আমরা শিক্ষকরা অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করি বিশেষ করে শহর থেকে দূরে বা দুর্গম এলাকায় পাঠদান করতে যায়। সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়ছে। তেল ও বিদ্যুৎ সংকটে সুযোগে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি পাওয়ায় শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে যা তাদের সীমিত আয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

ব্যাংক কর্মকর্তারা জানান,অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকিং খাতের যাতায়াত ও লজিস্টিক সাপোর্টের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় গ্রাহক সেবা এবং সামগ্রিক অর্থপ্রবাহ বিঘ্নিত হতে পারে।

​চালকদের ক্ষোভ গত কয়েক দিন ধরে পাম্পে ঘুরছি কিন্তু তেলের দেখা নেই। গাড়ি না চললে মালিক টাকা দেয় না।সংসার চালানোই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
মোটরসাইকেল চালকদের কণ্ঠেও ছিল একই সুর তাদের
অভিযোগ,তেলের অভাবে কর্মস্থলে পৌঁছানো এবং জরুরি কাজ করা অসম্ভব হয়ে পড়ছে।

ভুক্তভোগীর আর্তনাদ: তেল নেই তো চাকা ঘোরে না, আর চাকা না ঘুরলে আমাদের সংসার চলে না। আমরা শুধু নিরবচ্ছিন্ন সরবরাহ চাই,যেন আমাদের স্বাভাবিক জীবন থমকে না যায়।

​ঝর্ণা ফিলিং স্টেশনের পাম্পের মালিকরা বলেন,ডিপো থেকে তেলে না পাওয়া; সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে সংশ্লিষ্ট বিভাগ বলছে দ্রুতই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। জনসাধারণের দাবি সরকার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই তেল সংকটের সমাধান করে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনে।

ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ