খুঁজুন
, ,

নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এবারের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ছিল— “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাবিল নওরোজ বৈশাখ।

আলোচনা সভায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মক্ষেত্রে সময় ও সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

 

আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদ এলাকায় বইছে আগাম ভোটের হাওয়া। এরই ধারাবাহিকতায় ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির নেতা ও কুমগ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান ইস্তিয়াকুল আলম তালুকদার রবিন ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

​শুক্রবার বিকালে কুমগ্রাম বাজার থেকে গণসংযোগটি শুরু হয়ে ইটালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও রাস্তার মোড় প্রদক্ষিণ করে। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন, প্রবীণদের দোয়া চান এবং তরুণদের কাছে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং লিফলেট বিতরণ করেন।

​গণসংযোগে সফরসঙ্গী হিসেবে ইটালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ইস্তিয়াকুল আলম তালুকদার রবিন বলেন, “ইটালী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি তালুকদার পরিবারের সন্তান হিসেবে নয়, বরং এলাকার একজন সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। দীর্ঘদিন ধরে ইটালী ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জনগণ যদি ভালোবাসার প্রতীক হিসেবে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে আমি অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করব।”

​তিনি আরও বলেন, “রাজনীতিকে জনসেবার মাধ্যম মনে করে আমি মাঠে নেমেছি। ইউনিয়নের প্রতিটি মানুষের দুঃখে-কষ্টে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার

 

রংপুরের হারাগাছে ৭৬ কেজি চুল ছিনতাই ও এক ব্যবসায়ীকে মারধর করে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি মো. সাজ্জাত হোসেন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা-সাভার এলাকা থেকে সাভারের এসআরবি-০৪ নবীনগর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার এসআই (নিঃ) মো. রুহুল আমিন সাভার থানা থেকে আসামিকে হেফাজতে নিয়ে পুলিশ স্কর্টের মাধ্যমে হারাগাছ থানায় নিয়ে আসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বিকেলে লালমনিরহাট সদর থানার হরিণচড়া এলাকার মো. বেলাল হোসেন (৬১) চারটি বস্তায় প্রায় ৭৬ কেজি চুল যাহার মূল্য প্রায় (১২,৫৪,০০০) বারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা নিয়ে অটোরিকশাযোগে সাতমাথার উদ্দেশ্যে রওনা হন। পথে হারাগাছ থানার সাহেবগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অটোরিকশা থামিয়ে চালক তাজুল ইসলাম পান খেতে যাওয়ার কথা বলে চলে যান। অভিযোগে বলা হয়, এ সময় সাজ্জাত হোসেন, মানিক মিয়াসহ আরও কয়েকজন অটোরিকশার কাছে এসে চালকের খোঁজ জানতে চান। একপর্যায়ে তারা জোরপূর্বক অটোরিকশার চাবি নিয়ে মালামালসহ অটোরিকশাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। বেলাল হোসেন বাধা দিলে তাকে মারধর করে আহত করা হয় এবং চার বস্তায় থাকা ৭৬ কেজি চুল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, পরে তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে সাজ্জাত হোসেনের বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখার অভিযোগ করা হয়েছে। পরদিন ভোরে তাকে কাচু মহিষওয়ালা মোড় বাজার এলাকায় এনে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় বেলাল হোসেনের অভিযোগের ভিত্তিতে হারাগাছ থানায় ২৯ জুলাই মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪২/৩৭৯/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। হারাগাছ থানার পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সাজ্জাত হোসেনকে শুক্রবার (২ অক্টোবর) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

 

লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, গত এক দশকে জেলায় ভুট্টা চাষে যে বিপ্লব ঘটেছে, সেটিকে আরও এগিয়ে নিতে উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। লালমনিরহাটের ভুট্টাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে হবে।
শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়সংলগ্ন এলাকায় ‘ভুট্টা চত্বর-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর,এ স্লোগানকে এখন থেকে জেলার মানুষকে ধারণ করতে হবে। লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা হিসেবে গড়ে তোলা এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জেলার কৃষি ও কৃষিপণ্যকে তুলে ধরার অংশ হিসেবেই জেলা শহরে ভুট্টাকে কেন্দ্র করে ‘ভুট্টা চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভুট্টা এখন আর শুধু একটি মৌসুমি ফসল নয়; এটি লালমনিরহাটের গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকার উর্বর জমিতে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিপুলসংখ্যক প্রান্তিক ও বর্গাচাষি ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উৎপাদন, মাড়াই, শুকানো ও সংরক্ষণের সঙ্গে গ্রামীণ নারীরাও যুক্ত হচ্ছেন।
মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত করতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুট্টার গুণগত মান ও উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে জিআই পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা গেলে দেশের বাজারে এর মূল্য আরও বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিচিতি তৈরি হবে।
‘ভুট্টা চত্বর’ প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, এটি শুধু একটি স্মারক বা সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা হবে না। এটি লালমনিরহাটের কৃষি, ভুট্টা চাষ ও কৃষকের সাফল্যকে তুলে ধরার একটি প্রতীক হিসেবেও কাজ করবে। নির্মাণকাজ শেষ হলে চত্বরটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী জামায়াতের উদ্যোগে কালীগঞ্জের অক্ষম ব্যক্তি পেল ঘর ও ছাগল নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত