মান্দায় আলোচিত মসজিদে হামলায় নিহত মামুন হত্যা মামলার আসামী মহাদেবপুর থেকে আটক
নওগাঁর মান্দা উপজেলার আলোচিত মামুনুর রশিদ মামুন (৩৮) হত্যা মামলার একমাত্র আসামি ইসমাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার শিবগঞ্জ বাজারের নির্মাণাধীন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে। তিনি নিহত মামুনুর রশিদ মামুনের শ্যালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনকে কুপিয়ে জখম করার পর থেকেই ইসমাইল হোসেন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে নিহত মামুনের স্বজনেরা জানতে পারেন, ইসমাইল মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় অবস্থান করছেন। পরে স্বজনেরা সেখানে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করেন। বিষয়টি মান্দা থানা পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম আসামি ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। গ্রেপ্তার ইসমাইল হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) ফজরের নামাজের সময় মান্দা উপজেলার শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে মামুনুর রশিদ মামুনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী নেহেরা খাতুন বাদী হয়ে তার ভাই ইসমাইল হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামুনের মৃত্যুর পর আদালতের মাধ্যমে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।



আপনার মতামত লিখুন