ডিবির মাদক বিরোধী অভিযানে নওগাঁয় ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি মালেকসহ গ্রেফতার ৩
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ (ESKUF) শীর্ষ মাদক কারবারি আব্দুল মালেকসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল বদলগাছী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে উপজেলার পিন্ডিরা গ্রামের ‘সিয়াম এর ভাই-বোন ট্রেডার্স’ নামক একটি টিনের দোকান থেকে আব্দুল মালেক মিল্টন (৪০) ও আল আমীন (৩৩) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আল আমীনের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন জানায়, এসব মাদকের মূল মালিক মালেক মিল্টন এবং তার আরও ফেনসিডিল স্থানীয় জিয়ল গ্রামের শরিফুল (৩৮) নামের এক ব্যক্তির ফ্লেক্সিলোডের দোকানে রাখা আছে।
পরবর্তীতে ডিবির দলটি জিয়ল গ্রামে শরিফুলের দোকানে অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে আরও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং শরিফুলকে আটক করে। শরিফুল জানায়, সে মালেকের কাছ থেকে এসব মাদক রেখে কাস্টমারের কাছে বিক্রি করে টাকা মালেককে বুঝিয়ে দিত।
অভিযানের ধারাবাহিকতায় আটক শরিফুলের তথ্যের ভিত্তিতে মূল হোতা আব্দুল মালেক মিল্টনের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে বাড়ির পেছনের একটি গর্তের ভেতর প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল-আব্দুল মালেক মিল্টন (৪০), পিতা: ওসমান আলী, গ্রাম- পিন্ডিরা, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।আল আমীন (৩৩), পিতা: নুরুল সর্দার, গ্রাম- জগন্নাথপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।শরিফুল (৩৮), পিতা: কসিমুদ্দিন, গ্রাম- জিয়ল, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃত আব্দুল মালেক এলাকার একজন চিহ্নিত বড় মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল এনে বিভিন্ন সহযোগীর মাধ্যমে বিক্রি করে আসছিল।
ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মতামত লিখুন