খুঁজুন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ, ১৪৩৩

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার

পাবলিক বাংলা নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মহাসড়ক দখল করে নিয়মিত বসছে হাট-বাজার। হাটের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও সড়কের ওপর বাজার পরিচালিত হওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা।
সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা যায় উপজেলার পাহাড়ি অঞ্চলের গারোবাজার, সাগরদীঘি, জোড়দীঘি, ধলাপাড়া ও চাপড়ি হাটে। এছাড়া টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়া, ব্রাহ্মণশাসন, কদমতলী ও হামিদপুর হাটেও একই চিত্র বিরাজ করছে। হাটের নির্ধারিত জায়গা ফাঁকা রেখেই সড়কের ওপর বসানো হচ্ছে আনারস, কাঁঠাল, কলা, ধান, সবজি ও অন্যান্য পণ্যের বাজার।
বিশেষ করে গারোবাজার ও সাগরদীঘি হাটে সাপ্তাহিক দুই দিনের হাট ছাড়াও বর্ষা মৌসুমে প্রতিদিনই ফল ও কৃষিপণ্যের বাজার বসে। ফলে বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে বিভিন্ন যানবাহন।
সরেজমিনে গারোবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের মাঝেই চলছে কেনাবেচা। বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পরিবহন একসঙ্গে চলাচল করায় পুরো এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত গারোবাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বাজারটির সঙ্গে পাঁচটি পাকা সড়কের সংযোগ রয়েছে। গারোবাজার–পোড়াবাড়ি এবং গারোবাজার–ফুলবাড়িয়া সড়ক বাজারটিকে দুই ভাগে বিভক্ত করেছে। একই সময়ে সিরাজনগর গারোবাজার ও সুনামগঞ্জ গারোবাজার নামে দুটি পৃথক হাট বসে।
সুনামগঞ্জ গারোবাজারের প্রায় আট একর সরকারি সম্পত্তি থাকলেও এর অনেক অংশ প্রভাবশালীদের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সড়কের ওপরই বসছে ফল ও কৃষিপণ্যের বাজার। চলতি অর্থবছরে এ হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। অপরদিকে সিরাজনগর গারোবাজার অংশের প্রায় ৩৭৭ শতাংশ সরকারি জমিরও বড় একটি অংশ দখলে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ অংশের ইজারা মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
যানজটে আটকে পড়া যাত্রী ফজলুল হক বলেন, “আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। যারা হাটের ইজারা দিয়েছে এবং যারা নিয়েছে, তারাই সড়ক দখল করে বাজার বসিয়ে খাজনা আদায় করছে। সাধারণ মানুষের কষ্টে তাদের কোনো মাথাব্যথা নেই।”
স্থানীয় কবি ও কৃষক ইদ্রিস কাজল বলেন, “এই এলাকায় কোনো গুরুতর অসুস্থ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে বড় ঝুঁকির মুখে পড়তে হয়। দীর্ঘ যানজটে রোগীর জীবনও বিপন্ন হতে পারে। জনদুর্ভোগ কমাতে দ্রুত বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত।”
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষের দুর্ভোগ বা রোগীর মৃত্যুঝুঁকি—কোনো কিছুরই যেন গুরুত্ব নেই। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।”
মুরাইদ সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তরফদার বলেন, “ইজারাদারদের সঙ্গে নিয়ে আমরা বাজারকে নির্ধারিত জায়গায় স্থানান্তরের চেষ্টা করি। কিন্তু ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের অনীহার কারণে তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “সমস্যাটি দীর্ঘদিনের। জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানে হাটকে নিজস্ব জায়গায় স্থানান্তর, সড়ক দখলমুক্ত রাখা এবং বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পাবলিক বাংলা নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ আলী জিন্নাহ্, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার ২ নং কড়ইচুড়া ইউনিয়নের লালডোবা ইলশামারী চৌরাস্তা মোড়ে মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয় ।

মানববন্ধনে বক্তব্য দেন ২ নং কড়ইচুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান (মিজান), ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এনামুল হক ও মজনু পলান , ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদল নেতা মুক্তার হোসেন, অবঃ চাকরিজীবী আবুল হোসেন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, সাবেক উপজেলা জাসাস নেতা খালেদ মাহমুদ সুজন সহ মহিলাবৃন্দ।

বক্তারা বলেন, সম্প্রতি দায়ের করা মাদক মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা দাবি করেন, নিরীহ মানুষকে হয়রানি ও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখতেই এ মামলা দায়ের করা হয়েছে।
এটা সম্পন্ন ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান প্রার্থী মিজান কে ফাঁসানো হয়েছে।
বক্তারা আরো বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে মামলা থেকে মিজানের নাম প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি : কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতা আর এইচ এল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উদ্বোধন শেষে ‘বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়েছে। ২৮ জুলাই (মঙ্গলবার) বেলা ১১ টায় নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসতবাড়ির উদ্বোধন এবং গাছের চারা বিতরন উপলক্ষে এক আলােচনা সভা জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মাইক্রোফাইন্যান্স মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তৃতা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-সহকারি পরিচালক শেখ মোজাম্মেল হক। বক্তৃতা করেন কয়রা থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান হাসান, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল , সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রার কো-অর্ডিনেটর মোঃ ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী, বিএনপিনেতা এফএম মহরম হােসেন,আব্দুল গফফার গাজী, যুবদলনেতা মােস্তাফিজুর রহমান খােকন, ইউপি সদস্য বনিউল আমিন, প্রমুখ।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল

 

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত, বৈষম্য দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরের উপকারভোগীদের মধ্যে বসতঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন। তাদের অধিকার নিশ্চিত করা, জমি রক্ষা এবং জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব জনগোষ্ঠীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য বিশেষ সহায়তাও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ১০ জনের হাতে বসতঘরের বরাদ্দপত্র, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১৪ লাখ ৩৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে ৪১৮ জন উপকারভোগীর মধ্যে প্রায় ৬৯ লাখ ৭৪ হাজার ১ টাকা মূল্যের বিভিন্ন সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী'র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস