খুঁজুন
রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 


‎খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
‎সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখতে বলেন। তিনি আরও বলেন, নদী পুন: খনন ও খাল খননকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। খাল খননের অগ্রগতি রিপোর্ট প্রদানের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নেওয়া যাবে না।
‎সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, শিশুদের হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে এবং এখনও টিকা প্রদান চলমান রয়েছে।

‎জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা জেলায় মোট কোরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা এক লাখ ৬৩ হাজার ২২৯টি এবং কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি এবং উদ্বৃত্ত আট হাজার সাতশত ৭৩টি। এবার খুলনা জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা ২৫টি। ২৫টি হাটে ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।

‎সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

‎সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতু উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল অবস্থা ও কাজের মান দেখে ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)।

শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনের পর সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় কাজের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমি আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে ব্রিজের একপাশ দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে মানুষ যে যাতায়াত করবে এরকম কোন রাস্তা নাই। সাড়ে পাঁচ কোটি টাকার ব্রিজ নির্মাণ হয়েছে। ঠিকাদার এত নিম্নমানের কাজ করেছে যে এর আগে এত নিম্ন মানের কোন কাজ দেখিনি। আগে এ অবস্থার কথা জানলে উদ্বোধন করতে আসতাম না। ব্রিজে উঠার সময় দেখলাম ব্রিজ হচ্ছে ১৮ ফিট রাস্তা হচ্ছে ১২ ফিট। হওয়ার কথা ছিলো ব্রিজ ১২ ফিট আর রাস্তা ১৮ ফিট। কাজেই আমি মনে করি এই কাজের তদন্ত হওয়া উচিত। তদন্ত করে ঠিকাদার কিংবা কোন ইঞ্জিনিয়ার যদি জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন।

নন্দীগ্রামে ছাত্রদল নেতা নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আব্দুল আহাদ, নন্দীগ্রাম :
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে ছাত্রদল নেতা নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল।গত মঙ্গলবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীর শেখের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তার সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর নবীর শেখ দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবো।

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক

 

লালমনিরহাট জেলা শহরের বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত যুবক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম হৃদয় ইসলাম (২৬)। তিনি লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং এরশাদ আলীর ছেলে।
অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস (১৯) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় ইসলাম। এসময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। আকস্মিক হামলায় গুরুতর জখম হন হৃদয়। তার আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হয়েছে।
ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আহত হৃদয়ের বাবা এরশাদ আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হৃদয় ও জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের প্রথম দিকে তাদের সংসার ভালোভাবেই চলছিল। তবে গত ১৪ থেকে ১৫ মাস ধরে দাম্পত্য কলহ লেগেই ছিল।
তিনি অভিযোগ করে বলেন, “নানাভাবে আমার ছেলেকে মানসিকভাবে নির্যাতন করত জান্নাতুল। বিষয়টি নিয়ে দুই পরিবারের লোকজন একাধিকবার বসেছিল। কিন্তু কোনো সমাধান হয়নি। বুধবার সকালে আমরা পাশের কক্ষে ছিলাম। হঠাৎ হৃদয়ের চিৎকার শুনে গিয়ে দেখি সে রক্তাক্ত গলা চেপে ধরে আছে, আর তার পাশে ছুরি হাতে দাঁড়িয়ে আছে জান্নাতুল।”

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. করিম বাদশা বলেন, “আহত যুবকের গলায় গভীর ক্ষত রয়েছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ব্রীজ আছে রাস্তা নেই উদ্বোধন করতে গিয়ে বিপাকে: পানি সম্পদ প্রতিমন্ত্রী খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে ছাত্রদল নেতা নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক