খুঁজুন
শনিবার, ৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ, ১৪৩৩

পটুয়াখালীতে অভিনব কায়দায় জুয়েলারি দোকানে চুরির মূল হোতাসহ গ্রেফতার ২, উদ্ধার স্বর্ণ-রুপার অলংকার।

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
পটুয়াখালীতে অভিনব কায়দায় জুয়েলারি দোকানে চুরির মূল হোতাসহ গ্রেফতার ২, উদ্ধার স্বর্ণ-রুপার অলংকার।

 

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকায় টিনের চাল কেটে জুয়েলারি দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ০২ ভরি ০৪ আনা স্বর্ণালংকার ও ৮২ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।

শনিবার পুলিশ সুপারের কার্যালয়, পটুয়াখালী থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে সকাল ৮টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাত চোরেরা পটুয়াখালী সদর থানাধীন বড় বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকার লোকনাথ জুয়েলার্স নামের একটি দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে দোকান থেকে প্রায় ০৮ ভরি স্বর্ণালংকার, ১৫০ ভরি রুপার অলংকার ও নগদ ২৮ হাজার ৭০০ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর দোকান মালিক সঞ্জয় কর্মকার পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬০, তারিখ ৩০-০৪-২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড।

পুলিশ সুপার পটুয়াখালীর সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় গত ১ মে পটুয়াখালী থানা এলাকা থেকে মোঃ সোহেল হাওলাদার (৩২) কে গ্রেফতার করা হয়।

পরে তার বাসা থেকে ০১ ভরি ০২ আনা ০৪ রতি স্বর্ণ ও ৫৪ ভরি ১৫ আনা রুপা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল চুরির ঘটনা স্বীকার করে এবং জানায়, চোরাইকৃত বাকি মালামাল ঢাকার কাফরুল এলাকার স্বর্ণ ব্যবসায়ী মোঃ আজাহার আলী ওরফে সোহেলের কাছে বিক্রি করেছে। পরবর্তীতে পুলিশ সোহেলকে সঙ্গে নিয়ে ঢাকার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজাহার আলী ওরফে সোহেলকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে আরও ০১ ভরি ০২ আনা স্বর্ণ ও ২৭ ভরি রুপা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ সোহেল হাওলাদার, থানা ও জেলা-পটুয়াখালী।
মোঃ আজাহার আলী ওরফে সোহেল, থানা-ধামরাই, জেলা-ঢাকা।

পুলিশ জানায়, জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্বর্ণের আংটি, কানের রিং, নাকফুল, গলানো স্বর্ণ, রুপার নুপুর, চেইন, আংটি, ঘটনার সময় ব্যবহৃত বাংলা দা ও হাত কড়াত।
এ ঘটনায় গ্রেফতার আসামী মোঃ সোহেল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ রুমী শরীফ।
01911145091

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান অনুষ্ঠিত

 

জনমতকে উপেক্ষা করে জবরদস্তিমুলক কায়দায় নেসকো কর্তৃক বাসা-বাড়িতে গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আজ ৯ মে শনিবার সকাল ১১ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে প্রেসক্লাব চত্বরে গণঅবস্থান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী,রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, আব্দুল জব্বার সরকার,আমিন মোস্তাজীর,
মাহফুজ হোসেন,নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক বীথি দাস নন্দিনী, সংগঠক কনক রহমান,
শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়,আশিকুল ইসলাম, এডভোকেট নাসির উদ্দীন সুমন, সংবাদ কর্মী আসাদুজ্জামান আফজাল,ফরহাদুজ্জামান ফারুক, সমাজকর্মী নুরন্নবী বুলবুল, কৃষক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুস সাত্তার প্রামাণিক প্রমুখ।
গণঅবস্থান কর্মসূচির সভাপতি অধ্যাপক মোজাহার আলী রংপুর নগরীর বাসা-বাড়িতে নেসকো কর্তৃক জবরদস্তিমুলক প্রিপেইড মিটার সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা না করে বিদ্যুৎ বিভাগ লুটপাটের প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।
এডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, দেশের সকল নাগরিকের জন্য সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সেটির পরিবর্তে দফায় দফায় বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধিসহ নানা অগণতান্ত্রিক সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।
দেশের কৃষি-অর্থনীতি তথা জনগণের স্বার্থে অবিলম্বে এই প্রকল্প বাতিল করা উচিৎ।
ভুক্তভোগী নুরুন্নবী বুলবুল বলেন,প্রিপেইড মিটারে রিচার্জ করার সাথে সাথে মিটার ভাড়া,ডিমান্ড চার্জসহ নানা ফির নামে টাকা কেটে নেওয়া হচ্ছে।
রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, প্রিপেইড মিটার সংযোগ বাধ্য করতে নেসকো কর্তৃপক্ষ বাসা-বাড়িতে গিয়ে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছে। এমনকি পূর্বতন মিটারের বিদ্যুৎ বিল সরবরাহ বন্ধ রেখেছে।
কৃষক আব্দুস সাত্তার প্রামাণিক বলেন, প্রিপেইড মিটার পদ্ধতিতে কৃষি অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিপূর্বে আমরা বাকীতে বিদ্যুৎ নিয়ে ফসলের জমিতে সেচ কাজ পরিচালনা করেছি। ফসল তোলার পর বিক্রি করে পরিশোধ করেছি। এখন আর সেটি সম্ভব নয়।
রংপুর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার বলেন, আগাম টাকা দিয়ে আমরা বিদ্যুৎ ক্রয় করবো আর কোম্পানিগুলো জনগণের অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে সেটি আমরা মেনে নিতে পারি না। এটা সেবামূলক খাতের ধারণার সাথে সাংঘর্ষিক।
সংবাদ কর্মী ফরহাদুজ্জামান ফারুক বলেন,প্রিপেইড মিটার যদি এতই জনবান্ধব ও সুবিধাজনক হয় তাহলে আগে সরকারি অফিস-আদালতে সংযোগ স্থাপন করুক। এরপর তারা জনগণকে এই মিটার সংযোগের আহবান জানাতে পারে।
বক্তারা, অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ খাতে বিগত সময়ের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ,গ্রাহক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানি ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ এবং সাশ্রয়ী মূল্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবি জানান।
নেতৃবৃন্দ, অনতিবিলম্বে বিদ্যুৎ এর প্রিপেইড মিটার বাতিল করা না হলে নেসকো ঘেরাওসহ হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন ইসলামপুরবাসী

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি :
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন ইসলামপুরবাসী

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে ইসলামপুর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার ও জনগণকে পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন। সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়ে মতভেদ থাকতে পারে, তবে সময়ের সঙ্গে এসব প্রকল্পের সুফল দেশবাসী ভোগ করবে।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, ওরা ১১ জন স্মৃতি পরিষদ-এর সভাপতি শিক্ষাঅনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃহোসন শাহ্‌ ফকির
ইসলামপুর,জামালপুর।

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধোলাই মার্কেট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার দায়ে এক বরফকল মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পরিচালিত অভিযানে “ফাহিম মিনি আইস প্ল্যান্ট”-এর মালিক হারুন অর রশিদ (৪৯)-কে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কলাপাড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসিন সাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
অভিযানকালে প্রশাসন জানায়, বর্তমানে ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় মাছ ধরা, সংরক্ষণ ও বরফ সরবরাহ সংক্রান্ত কার্যক্রমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও বরফকল চালিয়ে মাছ সংরক্ষণ ও বিপণনে সহায়তা করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৭৭ দশমিক ৩৩০ কেজি করে চাল বিতরণ করছে, যাতে তারা বিকল্প সহায়তা পেতে পারেন।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পটুয়াখালীতে অভিনব কায়দায় জুয়েলারি দোকানে চুরির মূল হোতাসহ গ্রেফতার ২, উদ্ধার স্বর্ণ-রুপার অলংকার। প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির গণঅবস্থান অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন ইসলামপুরবাসী নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড মান্দায় গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রহস্যজনক চুরি