দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনগণের দুর্ভোগ কমাতে বড়াইগ্রামে জনতার বাজারের উদ্বোধন
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: সারা দেশে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারনে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে ক্রেতা সাধারণ। তাই জনগণের দুর্ভোগ কমাতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়াইগ্রাম পৌরসভা, নাটোর স্বার্থরক্ষা কমিটি ও রোভার স্কাউটের ছাত্রদের সহযোগিতায় জনতার বাজার চালু করা হয়েছে। আজ ২৮শে নভেম্বর
বৃহস্পতিবার সকাল ৯টায় বড়াইগ্রাম পৌর মার্কেটের সামনে এই জনতার বাজারের কার্যক্রম শুরু করা হয়। এ জনতার বাজার সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।
এই বাজারে স্বল্পমূল্যে পাওয়া যাবে সকল ধরনের শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এ বাজারে সাধারণ জনগণ ন্যায্য মূল্যে এসব পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। সরাসরি কৃষকদের কাছ থেকে এসব পণ্য কিনে তা তুলে দেওয়া হবে ভোক্তাদের হাতে।
জনতার বাজারের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বড়াইগ্রাম পৌরসভার প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস । এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর স্বার্থরক্ষা কমিটির বড়াইগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক সাজেদুল বাসার, জান্নাতুল ফেরদৌস মাহি, সদস্য সুমন, সালাউদ্দিন অনিক, স্কাউট সদস্য সোহাগ ও তার সহযোগীরা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের দিক নির্দেশনায় জনস্বার্থে এই বাজার অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন