গাজীপুরের কন্যা যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি হাসপাতালে যোগদান করছেন
গাজীপুরের কালীগঞ্জের মেয়ে তাজরা সাবের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া ভাদগাতী গ্রামের কৃতি সন্তান তাজরা সাবের যুক্তরাজ্যের স্বনামধন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
তাজরা সাবের চৌড়া ভাদগাতী গ্রামের আইয়ুব সাবের টিপু ও বাকিয়া চৌধুরী লতার একমাত্র কন্যা। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
শৈশব থেকেই মেধাবী ও পরিশ্রমী তাজরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে তিনি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করে পরিবার, এলাকা এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
ইতোমধ্যে স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে তাঁর চিকিৎসক হিসেবে নিয়োগ নিশ্চিত হয়েছে। আগামী ২৭ জুলাই তিনি সেখানে কর্মস্থলে যোগদান করবেন।লারবার্ট শহরে অবস্থিত এই হাসপাতালটি পরিচালনা করে এনএইচএস ফোর্থ ভ্যালি, যা স্কটল্যান্ডের ১৪টি আঞ্চলিক স্বাস্থ্য বোর্ডের একটি এবং স্টার্লিং এলাকার প্রায় তিন লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ২০১০ সালে চালু হওয়া এই হাসপাতালটিকে স্কটল্যান্ডের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চিকিৎসাকেন্দ্রগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।
মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে,
ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের প্রতি অঙ্গীকার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাজরা সাবের বলেন, চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও জানান, সময় ও সুযোগ পেলে তিনি নিজ এলাকা গাজীপুরের কালীগঞ্জের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চান। বিশেষ করে বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করার আগ্রহের কথাও তিনি ব্যক্ত করেন।
তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, বিলেতে কর্মজীবন শুরু করলেও নিজ শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখার ইচ্ছা রয়েছে তাঁর।
তাজরার এই সাফল্যে এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল কর্মজীবন ও সার্বিক সাফল্য কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকেও তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



আপনার মতামত লিখুন