খুঁজুন
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র, ১৪৩৩

দুর্নীতিবিরোধী দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

খুলনা থেকে :
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

শহিদুল্লাহ্ আল আজাদ : খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন সহ মানববন্ধন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান বলেন, দুর্নীতি কমিয়ে আনতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজ ঘর, অফিসে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা একাত্ম, সংযত ও অঙ্গীকারবদ্ধ রাখবো। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে লড়াই তা অব্যাহত রাখতে হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা। এতে স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বক্তৃতা করেন।

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলাম যৌন হয়রানিমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ছাত্রীর অভিভাবক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগমকে জানান। অভিযোগ পাওয়ার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে ২ সেপ্টেম্বর স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় বাসিন্দা রনি বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা বিভাগের অন্যতম দায়িত্ব। কোনো শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তা মেনে নেওয়া যায় না।

লিমন বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে অভিভাবকের মতো। তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ধামাচাপা না দিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় মাহাতাব বলেন, আগেও একই ধরনের অভিযোগ থেকে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। শুধু এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করে দিলে সমস্যার সমাধান হয় না।

অভিযোগের বিষয়টি গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরকে জানান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরের ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশে বলা হয়েছে, ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ‘ইধফ ঃড়ঁপয’ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী মো. রেয়াজুল ইসলামকে ২ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমি আজ বসতে চেয়েছিলাম। কিন্তু অভিযুক্ত শিক্ষক ছুটি নিয়ে চলে গেছেন। পরে স্থানীয়রা আমাদের অবরুদ্ধ করে রাখেন এবং গালিগালাজ করেন।

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গেলে আমাদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। অভিযোগের বিষয়ে তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক

 

পটুয়াখাটির কুয়াকাটায় পল্লী বিদ্যুতের বিল নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পরিশোধিত বিল পরবর্তী মাসে পুনরায় যুক্ত হওয়া, মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি, বিল পৌঁছাতে দেরি এবং ভুল বিল সংশোধনে অফিসে একাধিকবার দৌড়ঝাঁপের অভিযোগ উঠেছে।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, জুলাই মাসের বিল পরিশোধ করার পরও আগস্টের বিলে অনেকের আগের বিলের টাকা পুনরায় যুক্ত হয়েছে। এতে কারও কারও বিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে অফিসে যোগাযোগ করে বিল সংশোধন করতে হচ্ছে।
আলীপুরের ব্যবসায়ী মো. আবুল কালামের আগস্টের বিল এসেছে ২ হাজার ৭৮৬ টাকা, যদিও তাঁর দাবি প্রকৃত বিল ১ হাজার ৩৬১ টাকা। একইভাবে মিজানুর রহমানের বিল এসেছে ১ হাজার ৬৪০ টাকা, সংশোধিত হিসাবে যা হওয়ার কথা ১ হাজার ২০৬ টাকা।
এছাড়া শত শত গ্রাহকের বিলেও অতিরিক্ত অর্থ যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। মিটার না দেখে রিডিং দেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। পাশাপাশি নির্ধারিত সময়ের শেষ দিনে বিল পৌঁছানোয় বিলম্ব মাশুল দেওয়ার অভিযোগও রয়েছে।
গ্রাহকদের অভিযোগ, সমস্যা সমাধানে অফিসে গেলে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন তারা।
এদিকে নতুন সংযোগ ও মিটার স্থাপন নিয়েও স্থানীয়দের নানা অভিযোগ রয়েছে।

শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু

 

সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। জীবিকার তাগিদে টমটম নিয়ে সড়কে বেরিয়েছিলেন আব্দুল মান্নান। কিন্তু কয়েক মুহূর্তের একটি দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। বালুবাহী ড্রাম ট্রাকের পেছন থেকে দেওয়া সজোরে ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুরমাভ্যালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বালুবাহী একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় সামনে থাকা টমটমটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালক আব্দুল মান্নান ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে জখম হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহত মান্নানকে উদ্ধার করেন। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক জোনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, দুর্ঘটনার ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন