মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা ব্রিজে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৭ নং চর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধূ মঞ্জুয়ারাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। একটি নিরীহ প্রাণ এভাবে কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
বক্তারা অভিযোগ করেন, মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সুজন, দেবর লোকমান, লুৎফর ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন জড়িত। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বক্তারা স্বামী সুজন, দেবর লোকমান, লুৎফর ও যুবনেতা হামিদুর রহমান মলিনসহ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, মঞ্জুয়ারা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখবেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। এ সময় “মঞ্জুয়ারা হত্যার বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার করো, দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে—এমন নানা স্লোগানে হরিণধরা ব্রিজের এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, একটি হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে নাড়া দেয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
শেষে বক্তারা মঞ্জুয়ারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৮:৫৮ অপরাহ্ণ