গৃহবধূ হত্যার অভিযোগ আদালতে মামলা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মলিনসহ ১১ জন আসামি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ২:০৫ অপরাহ্ণ

 

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মোছা. মঞ্জুরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মঞ্জুয়ারা খাতুনের মা রিনা খাতুন বাদী হয়ে জামালপুরের ইসলামপুর সিআর আমলি আদালতে মামলার আবেদন করলে শোনানি শেষে সংশ্লিষ্ট বিচারক ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ইউডি (অস্বাভাবিক মৃত্যু) প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।

মামলায় মৃত মঞ্জুয়ারার স্বামী সুজন মিয়া, দেবর লোকমান, লুৎফর, শাশুড়ি ছুরভানু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ ১১ জনের নামোল্লেখে আসামি করা হয়েছে। এ ছাড়া ৫-৭ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলাকায় শ্বশুরবাড়ি থেকে মঞ্জুয়ারা খাতুনের লাশ উদ্ধার করেন ইসলামপুর থানা-পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে পাশ্ববর্তী শেরপুর সদর উপজেলার সাত নম্বর চর এলাকার বাসিন্দা আহাম্মদ আলী মোল্লাহর মেয়ে মঞ্জুয়ারার সঙ্গে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চার নম্বর চর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। ইতোমধ্যে মঞ্জুয়ারা-সুজন মিয়া দম্পত্তির ঘরে দুই তিন সন্তানের জন্ম হয়েছে। পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আসামিগণ মঞ্জুয়ারাকে মারপিটসহ নির্যাতন করে আসছিলো। গত শনিবার সকাল ১০টার দিকে স্বামীর বসতবাড়িতে মঞ্জুয়ারাকে আসামিরা মারপিট করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে যুবদল নেতা হামিদুর রহমান মলিনসহ অন্যান্য আসামি মঞ্জুয়ারার লাশ বসতবাড়িসংলগ্ন ব্রহ্মপুত্র নদের পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন বাঁধা দেওয়ায় বাড়ির উঠানে লাশ রেখে তাঁরা আনন্দ উল্লাস করে। খবর পেয়ে সন্ধ্যায় ইসলামপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে মঞ্জুয়ারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের পাঠায়। ঘটনার পর মঞ্জুয়ারার স্বামী সুজন মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপনে চলে গেছে।

বাদী পক্ষের আইনজীবী মো. হোসেন রেজা বাবু বলেন, ‘মঞ্জুয়ারা খাতুন হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে আবেদন করলে বিচারক ওসিকে মৃত্যুর প্রতিবেদন দাখিলের আদেশ দিয়ে আগামী ১২ অক্টোবর ধার্য তারিখ নির্ধারণ করেছেন।’

অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, ‘ওসি সাহেবের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছি। এখন আমাকেও আসামি করা হয়েছে। মূলত আমি আগামী চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মঞ্জুয়ারা নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে মামলা দায়ের করার বিষয়ে আদালত থেকে কোনো কাগজপত্র পাইনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন