মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার জোনাইল বাজারে অভিযান চালিয়ে প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানের ফ্রিজে পচা ও বাসি মাংস পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব মাংস তাজা মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলো তারা।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, দোকানে থাকা মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পচা মাংস উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪৫ অপরাহ্ণ