নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে আসামি আরমান আলীর বসতবাড়িতে মান্দা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাত ১০টা ৩০ মিনিটে আরমান আলীর বাড়িতে প্রথম দফায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে আরমানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা (বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেমি) ও একটি চাইনিজ কুড়াল (এসএস পাইপের বাটসহ দৈর্ঘ্য ৩০ সেমি) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃত উভয়ের নামেই পূর্বে ৪ থেকে ৫টি করে মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:০০ অপরাহ্ণ