মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাইকৃত অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) শ্রীমঙ্গল থানাধীন শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ওবায়দুল হক প্রকাশ রিপন (৩০) ও দেওয়ান হাবিবুর রহমান ওরফে আবু (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের সুইনগইড় (খাসগাঁও) গ্রামের বশির মিয়ার বাড়ির গ্যারেজ থেকে অটোরিকশার চারটি ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় বশির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
মামলার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চুরি হয়ে যাওয়া ব্যাটারি উদ্ধারে অভিযান চালায়। একপর্যায়ে শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার রিপনের স্থায়ী ঠিকানা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে। তিনি বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিমবাগ, সিন্দুরখান রোড এলাকায় বসবাস করছিলেন। অপর গ্রেপ্তার দেওয়ান হাবিবুর রহমান শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১২:১০ পূর্বাহ্ণ