মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ জামালপুর গ্রামের মৃত আলকু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল জামালপুর মধ্যপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে এবং নিহতের মেয়ের জামাই।
নিহতের ছেলে বিল্লাল জানান, প্রায় সাত দিন আগে তার বোন শাহানাজকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী মোজাম্মেল। এ ঘটনার জের ধরেই শুক্রবার বিকেলে মোজাম্মেল কথা আছে বলে ফোন করে তার শ্বশুর আব্দুল মজিদকে জামালপুর বাজারে ডেকে নেন।
তিনি আরও জানান, বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল তার সঙ্গে থাকা একটি ব্রিফকেস থেকে কুড়াল বের করে আব্দুল মজিদের মাথায় কোপ দেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা আব্দুল মজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুরের নোভা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জানান, মাথার পেছনের দিকে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল মজিদকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মোজাম্মেলকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।২৮/০৮/২০২৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ । ৭:৫৮ পূর্বাহ্ণ