শ্রীমঙ্গল প্রতিনিধি:ট্রেনের অপেক্ষায় বসে থাকা সময়টুকু এবার বই পড়ার মাধ্যমে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন শ্রীমঙ্গল রেলস্টেশনের যাত্রী ও সাধারণ মানুষ। যাত্রীদের অবসর সময়কে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাসে রূপ দিতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে স্থাপিত পাঠক কর্নারে চতুর্থ দফায় যুক্ত হয়েছে নতুন বই।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রেলস্টেশনের পাঠক কর্নারে নতুন বইগুলো সংযোজন করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার পাশাপাশি ‘উত্তরণ’ ও সাংবাদিকদের পক্ষ থেকেও পাঠক কর্নারের জন্য বই দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা সময় অনেকের কাছেই একঘেয়ে হয়ে ওঠে। সেই সময়টুকুকে আনন্দদায়ক ও অর্থবহ করে তুলতেই পাঠক কর্নারের উদ্যোগ। এখানে সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানসহ নানা বিষয়ের বই পর্যায়ক্রমে যুক্ত করা হচ্ছে। যাত্রীদের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দারাও এ পাঠক কর্নার ব্যবহার করতে পারবেন।
উদ্যোগটির মাধ্যমে রেলস্টেশনের মতো ব্যস্ত একটি জনসমাগমস্থলে বই পড়ার পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে পাঠাভ্যাস বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
নতুন বই সংযোজনের সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।
আয়োজকদের প্রত্যাশা, রেলস্টেশনের এই ছোট্ট পাঠক কর্নার ধীরে ধীরে যাত্রীদের অপেক্ষার সময় কাটানোর স্থান থেকে বই ও জ্ঞানচর্চার একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ৯:১০ অপরাহ্ণ