ইসলামপুরে বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৪:৪৭ অপরাহ্ণ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি কথিত গোপন বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দাবি করেন, গত ২২ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ যুবলীগ-এর কয়েকজন নেতাকর্মী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছামিউল হকের বাসভবনে একটি গোপন বৈঠকে মিলিত হন।

বিএনপির অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তারা আরও দাবি করেন, অভিযুক্ত ছামিউল হক অতীতে মাদক ও বিস্ফোরক সংক্রান্ত মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে বিএনপি নেতারা জানান, সাধারণ মানুষের তথ্যের ভিত্তিতে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যান।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে ইসলামপুর থানায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

এ ঘটনায় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তারা অভিযুক্ত ছামিউল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামিউল হক বলেন, রাত সাড়ে বারোটার দিকে ১০–১৫টি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি আমার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং বাড়ির নারীদের ওপর আক্রমণ করে। আপনারা চাইলে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে এলাকাবাসীর বক্তব্য নিতে পারেন-তাতে প্রকৃত অপরাধী কারা, তা স্পষ্ট হয়ে উঠবে। আমি কাউকে নিয়ে কোনো ধরনের মিটিং করিনি, এবং আমার বাসা থেকে তারা কোনো জ্বালানি তেলও খুঁজে পায়নি।

 

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন