দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী এ জেড জাহিদ হোসেন বলেছেন, উন্নয়ন ও সেবার ক্ষেত্রে কোনো ধর্মীয় বা জাতিগত বৈষম্য বরদাস্ত করা হবে না।
শনিবার দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ খবর তুলে ধরেন, আমাদের ভুল সংশোধন করতে সুবিধা হবে। তবে এমন খবর করা উচিত নয় যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
মাহে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বলেন, ইফতার ও তারাবির সময় মানুষ যেন কোনো কষ্ট না পায়। প্রয়োজনে সেচ পাম্প বন্ধ রাখলেও মসজিদগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, সারাবিশ্বে উৎসবের সময় জিনিসপত্রের দাম কমে, আর আমাদের দেশে বেড়ে যায়। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত পরিদর্শন এবং কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।
উন্নয়ন কাজে বৈষম্য দূর করার গুরুত্বে জোর দিয়ে মন্ত্রী এলজিইডির প্রকৌশলীদের বলেন, অনেক এলাকায় কাঁচা রাস্তা শুরু হলেই বোঝা যায় সামনে কোনো সংখ্যালঘু বা আদিবাসী গ্রাম আছে।
এই বৈষম্য দূর করতে হবে। সব ধর্মের মানুষ যাতে সমান সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী, পল্লী বিদ্যুতের জিএম, স্থানীয় সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপি নেতা-কর্মীসহ আরও অনেকে।

মো. লুৎফর রহমান,হিলি(দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:৪১ অপরাহ্ণ