নওগাঁয় রেলগেটের যানজট নিরসনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৯:৪২ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরের গলার কাঁটা রেলগেটের যানজট নিরসনের লক্ষ্যে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার উপজেলার রেলগেটে সর্বস্তরের জনগণ ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, জামায়েতে ইসলামী বাংলাদেশ রাণীনগর শাখার আমির ডা. আনজীর হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।

মানববন্ধনে উপজেলার সুধীজন, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

বক্তারা বলেন, ‘‘রাণীনগর রেলগেট অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি স্থান। রেললাইনের পাশ দিয়ে বয়ে চলেছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক। যে সড়ক দিয়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারী যানবাহন ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে চলাচল অব্যাহত রেখেছে।”

নওগাঁ-রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়কে যেতে হলেও এই রেলগেট পার হতে হয়। দুটি আঞ্চলিক সড়কের মিলনস্থল এই রেলগেট। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে চলাচলের জন্য দিন দিন ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও রেলগেটের কোনো উন্নয়ন হয়নি। ফলে প্রতিদিনই ট্রেন চলাচলের সময় রেলগেটের দুই পাশে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটের শিকার এই অঞ্চলের হাজার হাজার পথচারীদের।

বছরের পর বছর কোনো সংস্কার না করা এবং বিকল্প কোনো সড়ক না থাকার কারণে এই রেলগেট বর্তমানে এই অঞ্চলের লাখ লাখ মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই বিষয়ে বহুবার লেখালেখি করেও কোনো দপ্তরের সুদৃষ্টি পড়েনি বলে জানান ভুক্তভোগীরা।

এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার পথচারীদের প্রতিদিনই যানজট নামক মরণফাঁদে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই দ্রুত এই রেলগেট বিকল্প পথ হিসেবে আন্ডারপাস কিংবা ফ্লাইওভার নির্মাণ করার আশ্বাস না দিলে আগামীতে রেলপথ অবরোধ করাসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে উপজেলাবাসী বাধ্য হবেন বলে মানববন্ধনে হুঁশিয়ার প্রদান করেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন