মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে তিন পাখি শিকারিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত ৫০টি বকপাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে এবং শিকারিদের ১০টি বিশেষ কিল্লা ঘর ধ্বংস করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ নির্দেশে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা চলনবিলে এ অভিযান পরিচালনা করেন। উপজেলার আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০টি বকপাখিসহ তিন শিকারিকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম প্রত্যেককে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আইনানুগ শাস্তির আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫), মকছেদ আলী (৫০) ও আবু হানিফ (৪০)।
অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হকসহ অন্যান্য পরিবেশকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।পরিবেশকর্মীরা জানান, পোষা বক ব্যবহার করে কিল্লা ঘর তৈরি করে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব ক্ষতিকর ফাঁদ ও ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম জানান, শীতের আগমনকে কেন্দ্র করে বিশাল চলনবিলে নানা প্রজাতির দেশি ও অতিথি পাখির সমাগম ঘটে। এই সুযোগে অসাধু চক্র পাখি শিকারে মেতে ওঠে। জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠনটি নিয়মিত দুর্গম বিলে সচেতনতামূলক কাজ ও অভিযান পরিচালনা করে আসছে। বন্যপ্রাণী ও পাখি রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবং আলহাজ হোসেন বলেন আমাদের এই উত্তরচলনবিলের বিভিন্ন মাঠে আমন ধান রোপন করা আছে। যদি আমরা পাখি শিকার করা বন্ধ না করতে পারি তাহলে পোকার আক্রমণে কৃষকের আমন ধান বাঁচানো সম্ভব হবে না।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ