মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কালীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন অত্র কলেজের সহকারী শিক্ষক মার্টিন পেরেরা ও আমেনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিক পেরেরা।
অন্যান্যের মাঝে উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম সুমন, বিভিন্ন স্কুলের শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধ ধারণ করতে অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের মাঝে নজরুলের জীবন, কর্ম ও সাহিত্যচর্চা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরোও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে জাতীয় কবির জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে নতুন করে আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৫৫ অপরাহ্ণ