মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজাবাদ বাজারে নবগঠিত ইউনিয়ন বিএনপির কমিটির নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলকে কেন্দ্র করে বিকেল থেকেই সিরাজাবাদ বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সিরাজাবাদ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটি ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন।
মিছিল শেষে সিরাজাবাদ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার আলী মেম্বার, যুবনেতা সাজেদুল ইসলাম এবং নবগঠিত কমিটির ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নবীন মন্ডল।
বক্তারা বলেন, ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পথসভায় বক্তারা ৮নং পলবান্ধা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাবসহ বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তারা বলেন, নতুন কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ সময় বক্তারা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আনন্দ মিছিল ও পথসভায় নবগঠিত ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:২৬ অপরাহ্ণ