মু, সোহরাবআলী সরকার, কালিগঞ্জ, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের লক্ষ্যে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে সভাটি পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিঃ তত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন (আইইউজিআইপি) প্রকল্পের (জিআইসিডি) বিভাগের দলনেতা ড. আজহার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।
পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন পরামর্শক সভায় অন্যান্যের মাঝে সিনিয়র আরবান প্লানার কে.এম আবুল বাশার, আরবান প্লানার নাজমুস সাদাত, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, টিএলসিসি ও ডব্লিউএলসিসি এর সদস্যবৃন্দ. সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে টেকসই অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা ও তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্মুক্ত আলোচনায় নগর সেবা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। কর্মশালায় নগর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে। তাছাড়া কর্মশালায় নগর সেবা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২৩ অপরাহ্ণ