মোঃ হোসেন শাহ্ ফকির, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর আদর্শ গ্রামের উত্তর পার্শ্বে এক নৃশংস ও বর্বরোচিত ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে শাহজামাল নামের এক স্থানীয় মৎস্য চাষীর মালিকানাধীন মাছ চাষের পুকুরে রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষের তীব্রতায় পুকুরের বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার আগের দিনও পুকুরে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা পুকুরের পানিতে বিষাক্ত কীটনাশক বা বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। আজ সকালে পুকুরে গিয়ে দেখা যায়, দেশীয় ও বিভিন্ন প্রজাতির চাষকৃত রুই, কাতলা, মৃগেলসহ অসংখ্য মাছ মরে পানির ওপর ভেসে রয়েছে।ভুক্তভোগী মৎস্য চাষী শাহজামাল জানান, অনেক কষ্ট ও ধার-দেনা করে তিনি এই পুকুরে মাছ চাষ করেছিলেন। এই আয়ের ওপরই তার পুরো পরিবার নির্ভরশীল ছিল। রাতের অন্ধকারে বিষ প্রয়োগের ফলে তার লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তারা বলছেন, “কারো সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু এভাবে নির্বিচারে মাছ মেরে ফেলা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না।”এই জঘন্য অপরাধের সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৫১ অপরাহ্ণ