মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার খলাপাড়া ও বাশাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খলাপাড়ার সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় আরও দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে সবুজ মেডিকেল হলের তাপস ধরকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভাই ভাই মেডিকেল হলের জামিল আহম্মেদকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, গাজীপুরের পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ