পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে উপজেলার গোরস্থান মোড় থেকে ধর্মকুড়া এলাকায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ছালভীন উল শার্ফি আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন, ইসলামপুর হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মহাদেব মহন্ত, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সিয়াম খান লোহানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা-এর সার্বিক ব্যবস্থাপনা ও সমিতির নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় বৃক্ষরোপণ বাস্তবায়ন উপকমিটি-২০২৬ এ কর্মসূচি বাস্তবায়ন করে।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
তারা বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও ইসলামপুরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। বৃক্ষরোপণের পাশাপাশি ইসলামপুর উপজেলা সমিতি, ঢাকা জনকল্যাণে বিভিন্ন ধরনের বহুমুখী সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ১১:৫৮ অপরাহ্ণ