মুঃ সোহরাব আলী সরকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি// গাজীপুরের কালীগঞ্জে এলাকায় মাদক সেবন করে শান্তি বিনষ্ট করা এবং পারিবারিক ও সামাজিক উৎপাত চালানোর অভিযোগে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের ফজলুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৬), জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকার রহিম খানের ছেলে জয়নাল খান (২৭) এবং তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এলাকার কাজী আনোয়ারের ছেলে কাজী জুয়েল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ও জয়নাল খান নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে এলাকায় সর্বসাধারণের শান্তি বিনষ্ট করে আসছিলেন। অতিষ্ঠ হয়ে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ১০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, আরেক দণ্ডপ্রাপ্ত কাজী জুয়েলের বিরুদ্ধে মাদক সেবন করে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে অশালীন আচরণ এবং মাদকের টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ রয়েছে। স্বজনরা অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন। আদালত তাকে ১০০ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
উক্ত আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ১০:৩৪ অপরাহ্ণ