মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে KTL বাস সার্ভিস চালু করা হয়েছে।
আজ ০৩/০৮/২০২৬ সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের এমিপ একেএম ফজলুল হক মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একেএম ফজলুল হক মিলন বলেন, মহাসড়কে তিন চাকার অটুরিক্সা ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি এ বাস সার্ভিসকে জনসম্পদ হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা ও সুষ্ঠু পরিচালনায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে না; এসব যানবাহন কেবল শাখা সড়কে চলাচল করবে। তিনি আরও বলেন, এসব যানবাহনের চালকদের কাছ থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাঁদা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই বাস সার্ভিসের আওতায় বাসগুলো কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট থেকে টঙ্গী হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে এ রুটে ২০টি বাস চলাচল করবে। যাত্রীর সংখ্যা ও চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৮:১৩ অপরাহ্ণ