জামালপুরে আত্মগোপনের পর অর্থ আত্মসাৎ এর মামলায় ইউপি সদস্য গ্রেফতার

মোহাম্মদ আলি জিন্নাহ্
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১১:৪০ অপরাহ্ণ

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের এক ইউপি সদস্যকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সে উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ওই এলাকার প্রয়াত সাবেক ইউপি সদস্য বদিউজ্জামাল (বদি) মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালে একটি এনজিওর মাধ্যমে গরু দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে আড়াই বছর হলেও অর্থ ফেরত পায়নি অনেক ভুক্তভোগী ।

ভুক্তভোগীরা একাধিকবার টাকা ফেরতের দাবি জানালে তিনি নানা সময় আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি। পরে দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার বেতন-ভাতাসহ প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। একপর্যায়ে প্রতারণার শিকার ভুট্টো মিয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করলে তিনি পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত হন।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন