কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ৬:০৫ পূর্বাহ্ণ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী, সহযোগিতামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’-এর তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। তিনি বর্তমানে মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিবারুল ইসলাম দ্বীপ ঢালী। তিনি বাংলাদেশ যুব ছায়া সংসদের পটুয়াখালী-৪ আসনের যুব সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলাপাড়া পৌরসভার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢালী নজরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘পায়রা’ কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমিক ও ভর্তি-সংক্রান্ত তথ্য প্রদান, চাকরি বিষয়ক দিকনির্দেশনা, ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক পরিচালনা, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন, আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইফতার মাহফিল, পুনর্মিলনীসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে সংগঠনটি। পাশাপাশি উপজেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে যুক্ত করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।
এছাড়া নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রায়হান রনি, সহ-সভাপতি (শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেল) হিসেবে মো. রুবেল মাতুব্বর, সহ-সভাপতি (কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সেল) হিসেবে সরকারি ব্রজমোহন কলেজের আলী হোসেন, সহ-সভাপতি (স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সেল) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের তাবাসসুম তুবা, সহ-সভাপতি (জলবায়ু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সেল) হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মহিবুল্লাহ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাইম ইউনিভার্সিটির ফারদিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ সিফাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুজ্জামান কোয়েল, দপ্তর সম্পাদক হিসেবে বিইউপির আশিকুর নবীন শাওন, প্রচার সম্পাদক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. ইলিয়াস, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসেবে লিথুনিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটির মেহেরুল ইসলাম রিসান এবং ১ নম্বর কার্যকরী সদস্য হিসেবে সরকারি ব্রজমোহন কলেজের মো. ইউনুস মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, কলাপাড়ার শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর, দক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ‘পায়রা’কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
সাধারণ সম্পাদক দিবারুল ইসলাম দ্বীপ ঢালী বলেন, উপজেলার প্রতিটি শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে তাদের শিক্ষা, ক্যারিয়ার ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে ‘পায়রা’র কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, এলাকার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন