গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ মোট ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৭ জুলাই ২০২৬খ্রি. শুক্রবার দিনব্যাপী উপজেলার সাওরাইদ বাজার এবং বালীগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও গ্রামে মাদকবিরোধী এ যৌথ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অপরাধের তীব্রতা বিবেচনা করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তসলিমা বেগম পিতা মৃত ওহিদ সিকদার, ইব্রাহীম পিতা মৃত আমজাদ আলী ,রবিউল পিতা মৃত তারা মিয়া,
সর্বসাং বালিগাওকে ৩ ( তিন) মাস করে, অপরদিকে : মো: মিঠুন পিতা মো: মোসারফ, মানিক মিয়া পিতা মৃত আয়াত আলী, আরিফুল ইসলাম পিতা মৃত রফিজ উদ্দিন সর্ব সাং দিঘুয়া সাওরাইদ মুক্তারপুরকে ১ (এক)মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানে কোনো প্রকার অর্থদণ্ড (জরিমানা) করা হয়নি।
আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ ইব্রাহীম শেখ। এছাড়া আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে সার্বিক সহযোগিতা করেন সামসুন নাহার সিমু।
অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ১১:৩৫ অপরাহ্ণ