জামালপুরের ইসলামপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-গম) কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। সরকারি নীতিমালা অনুসরণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা সংস্কার, মাটি ভরাট, জনসাধারণের চলাচল উপযোগী অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি প্রকল্পে শ্রমিকরা নিয়মিত কাজ করছেন। প্রকল্পের সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকিতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের লক্ষ্যে জোরেশোরে কার্যক্রম পরিচালিত হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান সুমন বলেন, “২০২৫-২৬ অর্থবছরের কাবিখা কর্মসূচির আওতায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি প্রকল্পের কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”
সাপধরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াদুদ বলেন, “সরকারি বিধি-বিধান মেনে শ্রমিকদের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে। বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, “প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় আমরা সন্তুষ্ট। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করছি। রাস্তা ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন হলে এলাকার মানুষের চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।”
স্থানীয় সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, “গত ১৫ বছরে কাবিখা প্রকল্পের আওতায় বাস্তবায়িত অনেক কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমার সংসদীয় আসনের প্রতিটি উন্নয়ন প্রকল্প স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
স্থানীয়দের মতে, সরকারের কাবিখা কর্মসূচির আওতায় বাস্তবায়িত এসব উন্নয়ন প্রকল্প গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রকল্পের কাজ সম্পন্ন হলে উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ৯:২৮ অপরাহ্ণ