কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৯:৩৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যয়ে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ও কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা, উন্মুক্ত স্থান এবং উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে কুয়াকাটাকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকলের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক উদ্যোগে পরিণত করার আহ্বান জানানো হয়।

আজকের একটি গাছ, আগামীর নিরাপদ পৃথিবী— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটা পৌরসভার এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন