স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬

মু সোহরাব আলি সরকার
প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৫:১২ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার , কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার লক্ষ্যে কালীগঞ্জে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট” উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়েছে। দিনব্যাপী এ মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। মেলার আয়োজন করেন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিসি।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা চত্বরে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট” বিষয়ক উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
মেলার মূল লক্ষ ছিল পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি, রোবোটিক্স, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের উৎসাহিত করা । শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যকারিতা ও বাস্তব জীবনে প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন। প্রধান অতিথি বলেন, স্টার্টআপভিত্তিক বিজ্ঞান প্রকল্প তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহবুবা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, খায়রুল এহসান মিন্টু ও ফরিদ আহমেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, কালিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রকল্পগুলোর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন