মান্দায় ৬২০০ লিটার অবৈধ ডিজেলসহ লরি জব্দ: আটক ২

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৮:০৭ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় অবৈধভাবে ডিজেল বিক্রির সময় একটি লরি ও নগদ টাকাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ভালাইন বৈদ্যপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

​আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শাকতোলা গ্রামের আছের আলীর ছেলে মো: আনোয়ার হোসেন (৩৬) এবং মান্দা উপজেলার চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো: এরশাদ হোসেন (৪৫)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী ও হেলপার তারেক রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক দুজনই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, আসামীরা সিরাজগঞ্জের বাড়াবাড়ি ঘাট ডিপো থেকে লরি ভর্তি ডিজেল নিয়ে এসে রাতের আঁধারে অ/বৈধ ভাবে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ উপজেলার ভালাইন বৈদ্যপুর নামক স্থানে অভিযান চালায়। এ সময় লরি ভর্তি ৫১০০ লিটার ডিজেল এবং ৫টি ড্রামে ভর্তি আরও ১১০০ লিটারসহ মোট ৬২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়াও ডিজেল বিক্রির নগদ ৫৫,০০০ টাকা এবং পরিবহনে ব্যবহৃত লরিটি জব্দ করে পুলিশ।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। লরির চালক ও হেলপারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন