খুলনায় আজ ০৮ এপ্রিল বুধবার বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা ও মেট্রোপলিটন এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়: “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা ও মেট্রোপলিটন এর সভাপতি জনাব হুরে জান্নাত। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কানিজ ফাতেমা লিজা। আরও উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন স্কাউটস সম্পাদক সেখ সিরাজ হোসেন এবং কমিশনার সৈয়দ আনিসুজ্জামান। স্কাউটসদের উদ্দেশ্যে জেলা প্রশাসক অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশ ও জাতির স্বার্থে তাদের অবদানকে প্রশংসা করেন এবং সর্বদা সজাগ ও শৃঙ্খলাবদ্ধ থাকার পরামর্শ দেন। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় খুলনা থেকে শুরু হয়ে হাদিস পার্কে গিয়ে এবারের স্কাউট দিবস ও তার প্রতিপাদ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ৮:১৭ অপরাহ্ণ