হিলি সীমান্তে ইউএনওর মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৫

মো. জনী শেখ , হিলি (দিনাজপুর)
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৯:২৩ অপরাহ্ণ

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অভিযানে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার চুড়িপট্টি গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫০), দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে রাজু খান, হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে চারজন পুরুষকে এক বছর করে কারাদণ্ড এবং আটক নারীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন