প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছুটে এসেছেন জংজিয়া মামুসা (২৬)। উদ্দেশ্য প্রিয়তমা মায়া আক্তারকে (১৮) বিয়ে করা। সম্প্রতি চীনা ওই যুবক ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরি গ্রামের আ. মালেক মিয়ার বড় মেয়ে মায়া আক্তারের বাড়িতে আসেন। মামুসা চীনের গংসু প্রদেশের সংজিয়া টাউনশিপ গ্রামের আনচি চানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে প্রায় এক মাস আগে মামুসা ও মায়া আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। এক মাস অনলাইনে যোগাযোগের পর অবশেষে এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন জংজিয়া মামুসা। পরে দিনভর দুই পরিবারের আলোচনা ও প্রস্তুতির পর গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন মায়ার বাড়িতে ভিড় করেন।
জানা গেছে, জংজিয়া বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। বিয়ের পর কিছুদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্ত্রীকে নিয়ে নিজ দেশে পাড়ি জমাবেন।
মায়ার বাবা আ. মালেক জানান, ‘শুরুতে বিষয়টি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। তবে মেয়ের অনড় অবস্থানের কারণে একপ্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হন পরিবারের লোকজন। মামুসা ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আগ্রহ দেখান বলে পরিবারের সদস্যরা জানান। মোবাইলের গুগল ট্রান্সলেট-এর মাধ্যমে চলছে কথার আদান-প্রদান।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শহীদুল হক মিলন বলেন, ‘বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। তবে সবকিছু আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।’

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ