নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার আমানীপুর সরকারী কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা রাতের আঁধারেক মিউনিটি ক্লিনিকের গেইটের
তালা ভেঙে ভিতরে ডুকে সরকারি ওষুধসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ক্লিনিকটির কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রুহুল আমীন জানান, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ৩টা ৫ মিনিটে প্রতিদিনের মতো ক্লিনিক বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে ক্লিনিক খুলতে এসে প্রধান ফটকের তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করলে কক্ষের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে মালামাল যাচাই করে দেখা যায়, ক্লিনিক থেকে একটি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারি (২০ হাজার টাকা), একটি আইপিএস (১০ হাজার টাকা), আইপিএসের ১২ ভোল্টের সৌর প্যানেল (১৫ হাজার টাকা), প্রায় ২০ গজ বৈদ্যুতিক তার (২ হাজার টাকা), একটি সৌর চার্জিং ইনভার্টার (৩ হাজার ৫০০ টাকা), একটি টেবিল ফ্যান (১ হাজার ৫০০ টাকা), দুটি সিলিং ফ্যান (৫ হাজার টাকা), একটি কেরোসিনের চুলা (৫০০ টাকা), একটি চপিং প্যান (২৫০ টাকা) এবং বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত বিভিন্ন সরকারি ওষুধ সামগ্রী চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় ৫৭ হাজার টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। ধারণা করা হচ্ছে, ১৭ ফেব্রুয়ারি বিকাল থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ধরনের চুরি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কমিউনিটি ক্লিনিকগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসি।

নেত্রকোণা থেকে শামছুল হকঃ-
প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ