নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারী ও এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে পরিচালিত এ অভিযানে সতীহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার পুলিশ পরিদর্শক মোহা. আব্দুল গনির নেতৃত্বে একটি চৌকস টিম সতীহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আদরি (২৮) নামে এক নারী মাদক বিক্রেতা ও তার সহযোগী মোহাম্মদ তারেক (২১) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আদরি শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম নিমাই। অপর আসামি মোহাম্মদ তারেক গোবিন্দপুর গ্রামের বাসিন্দা, তার পিতা মো. তাহের উদ্দিন। উভয়ের বাড়ি মান্দা থানা এলাকায়।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদরির বাড়ি থেকে তাদের দেখানো মতে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেশ কিছুদিন ধরে সতীহাট এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:৪০ অপরাহ্ণ