ইসলামপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১২ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি গণমিছিল বের করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন- পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙনসহ উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি।

এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জনসভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন