বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের মুহূর্ত। স্বাধীনতার পর দীর্ঘ ৪৪ বছর ধরে যারা জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে, এই নির্বাচন তাদের রাজনীতি থেকে বিদায় জানানোর নির্বাচন।
তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে জনগণকে স্পষ্টভাবে বলতে হবে— এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, এবার রাজনীতির মাঠ থেকে সরে যাওয়ার সময় এসেছে।
বুধবার লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার হ্যালিপ্যাড মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিস্তা নদীকে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জন্য এক “অভিশাপ” উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, প্রতি বছর তিস্তার ভাঙন ও বন্যায় হাজার হাজার মানুষ সর্বস্ব হারায়—এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না। আমার দেশ আগে, আমার জনগণ আগে। আমরা কারো স্বার্থে আঘাত করবো না, তবে আমাদের ন্যায্য স্বার্থে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না।”

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৫৮ অপরাহ্ণ