লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার কাসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামের নারী কর্মীরা ভোট চাইতে গেলে স্থানীয় মহিলা ভোটাররা তাদের পরিচয় জানতে চান। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নারী কর্মীরা দলীয় নেতাকর্মীদের ডাকলে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন হাতীবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন। এ সময় একটি শিবির কর্মী তাকে লাঠি দিয়ে আঘাত করে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় টংভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য আশরাফ হোসেনও আহত হন। তিনি বলেন, “ঘটনার সমাধান করতে গেলে শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়।”
দফায় দফায় সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা প্রশাসক রকিব হায়দার। বর্তমানে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দোষারোপ করছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ১২:৪৪ পূর্বাহ্ণ