ঢাকা কলেজে দিনাজপুর জেলা শিক্ষার্থীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও বার্ষিক বনভোজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ৫:২৭ অপরাহ্ণ

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি শনিবার (১১ জানুয়ারি) ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান, নাক-কান-গলা বিশেষজ্ঞ এবং এন্ডোস্কোপিক ও মাইক্রোস্কোপিক সার্জন ডা. আবু রেজা এম. এ. চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, মানসিক দৃঢ়তা তৈরি করে এবং নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। শিক্ষার্থীদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন।

তিনি আরও বলেন, ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান রনি। এছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. স্বাধীন সরকার, আবু রায়হান, মতিয়ার, রাশেদুল ইসলাম রাশেদ, অয়ন ও শিশির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাঈদ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন নূরনবী হাসান নাহিদ।

শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আসনভিত্তিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় দিনাজপুর-২ আসনের দল চ্যাম্পিয়ন এবং দিনাজপুর-৬ আসনের দল রানার্সআপ হয়।

খেলা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন