ছুটিতে বাড়ি ফেরা হলো না কারারক্ষী পলাশের, মান্দায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ২:৩৬ অপরাহ্ণ

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলা বাজার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের মো.জিল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

​​পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ আলী বগুড়া জেলা কারাগার থেকে দুই দিনের ছুটি নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মান্দা উপজেলার ভোলা বাজার মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে আসা একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​​মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটির বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন