মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশের ন্যায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। যা চলবে মাসব্যাপী, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশীদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নাছরিন আক্তার, টিকাদান কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
উপজেলার পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচির কেন্দ্র ২৪টিতে উন্নিত করা হবে।
প্রধান অতিথি বলেন, কোন শিশু যাতে এই টিকা থেকে বাদ না পড়ে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ।

পাবলিক বাংলা :
প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ । ৮:১৫ অপরাহ্ণ