লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি গাছের ভেঙে পড়া ডাল কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার-স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছেন।
রবিবার (৩১ আগস্ট)রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার। এর আগে গত ১৭ আগস্ট উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে ভেঙে পড়া সরকারি গাছের ডাল কুড়ানোকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও শহিদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুলের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তিনি আজ সকালে মারা যান।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবরে উত্তেজিত হয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে।

সিরাজুল ইসলাম-হাতীবান্ধা
প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:০৬ পূর্বাহ্ণ