রাজৈরে ইশিবপুর ব্যাংক থেকে নারীসহ তিন প্রতারক আটক

পিবি ডেক্স :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ১০:৫১ পূর্বাহ্ণ

মাহামুদুল হাসান, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইসলামী এজেন্ট ব্যাংক থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করে নিয়ে যাওয়ার সময় নারীসহ ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে ইশিবপুর বাজারের এজেন্ট ব্যাংক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের মৃত রাঙ্গা ব্যাপারীর ছেলে বিল্লাল বেপারী (৪০), শেরপুর সদর উপজেলার মুন্সীর চর মরাকান্দি গ্রামের দুলাল শেখের ছেলে তারেক শেখ (২৮) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর গ্রামের মৃত মজিদ মাতুব্বরের মেয়ে পারভিন বেগম (২৭)।

পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, উপজেলার ইশিবপুর ইসলামী এজেন্ট ব্যাংক থেকে ১ লাখ টাকার একটি ভুয়া টোকেন তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতারক চক্র।

পরে যাচাই করে দেখা যায় এই টোকেনটি ভুয়া। এ সময় উপস্থিত জনতা প্রতারকদের উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এজেন্ট ব্যাংকের পরিচালনাকারী মুন্না বলেন, ‘এই চক্রটি আমাদের ব্যাংক এক লাখ টাকা প্রতারণা করে নিয়ে য়াওয়ার চেষ্টা করে। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছি।

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, ‘তিনজন প্রতারককে আটক করা হয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকটি চক্রকে আটক করেছি। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।’

সম্পাদক ও প্রকাশক : শাহ্ বোরহান মেহেদী, নির্বাহী সম্পাদক : গোলাম রাব্বানী অফিস: মেহেদী ভিলা, ঘোড়াশাল, নরসিংদী। ই-মেইল : pannewsbdbm@gmail.com, bmbmmehedi77777@gmail.com মোবাইল: 01715410468, 01865610720.

প্রিন্ট করুন